জন্মদিনে ‘জর্জকুট্টি হয়ে ফিরছেন মোহনলাল, পিছিয়েছে ‘দৃশ্যম ৩-এর মুক্তি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১২:২৮ পিএম

অনলাইন সংস্করণ

 মালায়ালাম সুপারস্টার মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দৃশ্যম ৩-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত ২ এপ্রিলের পরিবর্তে ছবিটি এখন মুক্তি পাবে আগামী ২১ মে।

 নির্মাতা ও অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের জন্মদিনেই বড় পর্দায় ফিরবে তার জনপ্রিয় চরিত্র ‘জর্জকুট্টি

 

নতুন প্রকাশিত পোস্টারে দেখা যায়, জানালার পাশে গভীর চিন্তায় মগ্ন জর্জকুট্টি। পোস্টারের ক্যাপশনে লেখা—“অতীত কখনো চুপ থাকে না, সে শুধু অপেক্ষা করে।

 

যদিও আনুষ্ঠানিকভাবে মুক্তি পিছিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মালায়ালাম চলচ্চিত্রের জন্য মধ্যপ্রাচ্য একটি বড় বাজার।

 

ছবিটির পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, এবারের কিস্তিটি আগের মতো প্রচলিত থ্রিলারের ধাঁচে না হয়ে কিছুটা ভিন্ন হতে পারে। তবে গল্পের কেন্দ্রে থাকবে সেই পুরনো ‘অপরাধ এবং তার প্রভাব।

 

এদিকে, অজয় দেবগন অভিনীত হিন্দি সংস্করণের দৃশ্যম ৩ মুক্তির আগেই মালায়ালাম সংস্করণটি প্রেক্ষাগৃহে আসবে। হিন্দি ভার্সনটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের অক্টোবরে।

 

ভক্তদের জন্য তাই অপেক্ষা কিছুটা বাড়লেও, জন্মদিনে প্রিয় চরিত্রের প্রত্যাবর্তন নিয়ে বাড়ছে উত্তেজনা।


দেশজুড়ে/সবুজ