ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ , ০৮:২৪ এএম

অনলাইন সংস্করণ

 

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিরূপ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ভারতের কাকিনাড়ার কাছে পুদুচেরির ইয়ানাম এলাকায় ঘূর্ণিঝড়টির আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট আবহাওয়াগত পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য এসব অঞ্চলের মধ্যে রয়েছে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

অন্যদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পরিস্থিতি বিবেচনায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত জেলেদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 


দেশজুড়ে ডেস্ক