ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য গ্রহণযোগ্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ , ১১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের অবস্থান কঠোর এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে সরকারের নীতি শূন্য সহনশীলতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, বিষয়টি এভাবে বলা ঠিক হয়নি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা কোনোভাবেই মেনে নেবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পুলিশ কঠোর পদক্ষেপ নিলে এক পক্ষ তাদের ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল হিসেবে আখ্যায়িত করে।

 

আইজিপির এই মন্তব্য ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের মধ্যে সমালোচনা দেখা দেয়। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টিসহ বিভিন্ন মহল এ বক্তব্যের প্রতিবাদ জানায়।

 

মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি আইজিপির বক্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেন।

 

রিজভী বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা বিএনপির সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের প্রসঙ্গ আসা উদ্বেগজনক।

 

এদিকে, আইজিপির বক্তব্য নিয়ে সমালোচনার পর সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোর অবস্থান বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।