নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ২৫

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ , ১০:২৪ এএম

অনলাইন সংস্করণ

দেশজুড়ে ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বরগুনা থেকে পঞ্চগড়ের পথে থাকা আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়।


 দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


 উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ভোরে সংঘর্ষের বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে হতাহতদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকাজে সহযোগিতা করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

 বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন।


 পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।