জিডি করার ১৫ দিনের মাথায় গুলিতে নিহত আক্তার ঢালী

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬ , ০৭:৪৫ এএম

অনলাইন সংস্করণ

খুলনার রূপসা উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১৫ দিনের মাথায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আক্তার ঢালী। এর আগে তার ছেলে জয় ঢালীও দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছিলেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আক্তার ঢালীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, মাগরিবের নামাজ আদায় করে মসজিদের কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন আক্তার ঢালী। সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে দোকানের বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন।

এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড় এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে গত ২১ সেপ্টেম্বর রূপসা থানায় করা জিডিতে আক্তার ঢালী অভিযোগ করেন, মামলার কয়েকজন আসামি তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। জিডিতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। থানা পুলিশের নথি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর জিডিটি নথিভুক্ত করা হয়। এর নম্বর ১৪১২।

 রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার ঢালী হত্যার বিষয়ে ওসি আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।