পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে মৎস্যজীবী দলের নেতার মরদেহ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২:১১ এএম

অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানক্ষেত থেকে রমজান মিয়া (৩০) নামে মৎস্যজীবী দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান মিয়া ওই গ্রামের তমিজ উদ্দীনের ছেলে। তিনি সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন রমজান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে রাত ৮টার দিকে গ্রামের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।