অসহায় বৃদ্ধার পাশে মানবিকতার হাত বাড়ালেন চিকিৎসক হাবিবুর রহমান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ০৯:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের মানবিক উদ্যোগে উন্নত চিকিৎসা পেলেন অসহায় ও দরিদ্র পরিবারের এক বৃদ্ধ নারী রোগী। চিকিৎসা নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ৬৫ বছর বয়সী খোশেদা নামের ওই বৃদ্ধার কষ্ট দেখে নিজ উদ্যোগে তাকে চিকিৎসা দেন তিনি।

রোববার (২১ জুন) সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখার সময় ডা. হাবিবুর রহমান দেখতে পান, খোশেদা নামের বৃদ্ধা নারী আউটডোরে চিকিৎসা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। শারীরিক দুর্বলতার কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছিল। বিষয়টি লক্ষ্য করে তিনি ওই বৃদ্ধাকে নিজের কার্যালয়ে ডেকে নেন।

‎পরে তার শারীরিক সমস্যার বিস্তারিত শুনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন এবং চিকিৎসার পরামর্শ দেন। পাশাপাশি হাসপাতাল থেকে সরবরাহকৃত ওষুধের পাশাপাশি প্রয়োজনীয় কিছু ওষুধ নিজের অর্থায়নে কিনে দেন তিনি। এ সময় তিনি বৃদ্ধাকে নিয়মিত ওষুধ সেবন করার পরামর্শ দেন এবং ওষুধ শেষ হলে পুনরায় যোগাযোগ করতে বলেন।

‎খোশেদা কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের মৃত সাইজুদ্দিনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

‎হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডা. হাবিবুর রহমান নিয়মিত আউটডোরে রোগী দেখেন। তিনি নিজের কার্যালয়েও রোগীদের কথা শুনে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এতে সাধারণ মানুষের মধ্যে হাসপাতাল সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।

‎স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে ডা. হাবিবুর রহমান হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। তার এমন মানবিক কর্মকাণ্ডে রোগী ও স্বজনদের মধ্যে প্রশংসা দেখা গেছে।

‎উল্লেখ্য, এর আগে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সময়ে হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ ও আলোচনা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন নেতৃত্বে হাসপাতালের সেবার পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।


দেশজুড়ে/সবুজ