দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার
১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট
২৫৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ
জানায়, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চার সক্রিয় সদস্যকেও আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী আনিসুর রহমান ওরফে আনিক রয়েছেন। পুলিশের দাবি, তিনি গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে কার্যক্রম পরিচালনা করছিলেন।
কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৭ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে পুলিশের দাবি। পুলিশের ভাষ্য অনুযায়ী, আনিক ২০২২ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ওই মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবার গ্যাংয়ের কর্মকাণ্ডে যুক্ত হন বলে পুলিশ জানিয়েছে।
এর আগে বুধবারও কুমিল্লার ১৮টি থানায় একই ধরনের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ওই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
দেশজুড়ে/ডেস্ক
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10