গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজীব (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় ওই নারীর নবম শ্রেণিপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করারও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাজীব ওই গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে।

 স্থানীয় ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, সৌদি প্রবাসীর স্ত্রী তাঁর ছেলেকে নিয়ে একটি দালানবাড়িতে বসবাস করেন। রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর রাজীবসহ কয়েকজন যুবক ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁরা প্রথমে ওই নারীর ছেলেকে বাড়ির বাইরে একটি গাছের সঙ্গে বেঁধে অস্ত্র দেখিয়ে জিম্মি করেন। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

 স্বজনদের আরও দাবি, পরে দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় পাঁচ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও তাঁর ছেলেকে থানায় নিয়ে যায়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই রাজীবকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখ বলেন, ভুক্তভোগী ও তাঁর ছেলেকে থানায় এনে ঘটনার বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং অন্যদেরও আটকের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দেশজুড়ে/ডেস্ক