আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চার ইউনিট

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ , ০১:৩২ এএম

অনলাইন সংস্করণ

সাভারের আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত আশপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জামগড়ার কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করেন। কেউ কেউ পানি ও বালু ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

এরই মধ্যে আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে কাছাকাছি থাকা বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়ে। পরিস্থিতি বিবেচনায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাশাপাশি ডিপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা নিজেদের উদ্যোগে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার সংবাদ পান তাঁরা। পরে জিরাবো মডার্ন ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, বাইপাইল থেকে জামগড়া সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এদিকে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।