দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ , ০৯:৩০ এএম

অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের বিষয়ে আজ দুপুর ২টায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। একই পোস্টে তিনি লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উচ্ছ্বাস প্রকাশের বিষয়টি তাঁর নজরে এসেছে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদেরও দেশে ফিরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


ইশরাক আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আগের চেয়ে আরও বেশি উদ্যম নিয়ে কাজ করবেন পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টেও পদত্যাগের বিষয়ে ইঙ্গিত দেন ইশরাক হোসেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তা কার্যকর করার বিষয়টি নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। তাঁর ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


মাদকবিরোধী অভিযানের ভিডিও নিয়ে আলোচনা উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন।


পরে তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে অভিযান চলাকালে তাঁকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নির্দেশ দিতে দেখা যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে আটক করতে এগিয়ে যান।


এ সময় তাঁদের একজন এক তরুণকে লাথি মারেন বলে ভিডিওতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করার দৃশ্যও দেখা গেছে।

প্রকাশিত ভিডিওতে ইশরাকের ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীকেও ঘটনাস্থলে দেখা যায়।


ভিডিওর কিছু অংশে প্রতিমন্ত্রীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র অস্পষ্ট থাকলেও অন্য অংশে সেটি স্পষ্ট দেখা যায়। তবে ভিডিওতে গুলি করার হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।