ঘরোয়া আয়োজনে আমির খানের জন্মদিন, পাশে প্রেমিকা ও দুই সাবেক স্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ০২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান নিজের ৬১তম জন্মদিন ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন। শনিবার (১৪ মার্চ) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শান্ত ও সাদামাটা আয়োজনে দিনটি কাটান তিনি।                                                 

গত বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন পালন করেছিলেন এই অভিনেতা। সেসময় তিনি তার প্রেমিকা গৌরী স্প্রাট–কে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন। তবে এবারের উদযাপন ছিল একেবারেই ব্যতিক্রমী ও ব্যক্তিগত পরিসরে।

 

জন্মদিনের অনুষ্ঠানে আমিরের পাশে ছিলেন তার প্রেমিকা গৌরী স্প্রাট। একই সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং পরিবারের সদস্যরা। তাদের একসঙ্গে উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আলোচনায় এনে দেয়।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কেক কাটার পর আমির খান নিজ হাতে গৌরীর মুখে কেক তুলে দিচ্ছেন। এ সময় কিরণ রাও ও রীনা দত্তকেও বেশ হাসিখুশি দেখা যায়। অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে করে বিদায় নিতে দেখা গেছে।

 

এদিকে বাবার জন্মদিনে উপস্থিত ছিলেন তার তিন সন্তান— জুনায়েদ খান, আজাদ খান ও ইরা খান। মেয়ে ইরা মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দেন, যা অনুষ্ঠানে আনন্দের মুহূর্ত তৈরি করে।

 

জন্মদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানি।

 

বর্তমানে আমির খান তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা একদিন–এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির, যেখানে জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাঁই পল্লবী। পাশাপাশি প্রযোজক হিসেবে তিনি কাজ করছেন লাহোর ১৯৪৭ সিনেমাতেও, যেখানে অভিনয় করেছেন সানি দেওল। ছবিটি আগামী ১৩ আগস্ট মুক্তির কথা রয়েছে।


দেশজুড়ে/সবুজ