দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকায়
বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী ও তার মায়ের
বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে
তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বিকেলে মামলার এজাহার আদালতে পৌঁছালে তা গ্রহণ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মামলায় যাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে।
গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে আলামত সংগ্রহ করে।
এদিকে, ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন যাহের আলভী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।
তবে নিহতের মামা শেখ তানভীর আহমেদ পল্লবী থানায় মামলা দায়ের করে অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের
কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে যাহের আলভী ও ইকরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। মামলার তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10