ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উদয়পুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। দিনভর পৃথক দুই রীতিতে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।
পারিবারিক সূত্র জানায়, সকাল ১০টা ১০ মিনিটে বিজয়ের পরিবারের প্রথা অনুসারে তেলেগু রীতিতে প্রথমে বিয়ে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বারের মতো সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।
বিয়ের আগে ভেন্যুতে ছিল একাধিক আয়োজন। সংগীত অনুষ্ঠানে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার গানে নাচতে দেখা যায় নবদম্পতিকে। এছাড়া ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গানেও অতিথিরা আনন্দে অংশ নেন। পুরো আয়োজন সাজানো হয়েছিল গোলাপি গোলাপের পাপড়ি ও গাঁদা ফুলের নান্দনিক সাজে।
বিয়ের ভোজেও ছিল দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। অতিথিদের কলাপাতায় পরিবেশন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী পদ। খাবারের তালিকায় ছিল হায়দ্রাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের বিশেষ মুরগির পদ ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া, কর্ণাটকের ‘পান্ডি কারি’ এবং মিষ্টান্ন হিসেবে মহীশূর পাক। ডাবের পানি দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও এশা রেব্বাসহ শোবিজ অঙ্গনের আরও অনেকে। তবে এখনো পর্যন্ত বিজয় ও রাশমিকা আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি।
দেশজুড়ে/সবুজ