সিগারেটের দাম বাড়লেও দুই মাসে রাজস্ব কমেছে ৩ হাজার কোটি টাকা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

সিগারেটের দাম বাড়ানোর পরও সরকারের প্রত্যাশা অনুযায়ী রাজস্ব বাড়েনি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্টে সিগারেট থেকে ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ হাজার কোটি টাকা কমেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজিত এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।

 

‘মিডিয়া ওয়ার্কশপ অন টোব্যাকো ট্যাক্স পলিসি’ শীর্ষক কর্মশালায় সাংবাদিক, গবেষক ও তামাক নিয়ন্ত্রণসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালায় পিপিআরসির গবেষণায় বলা হয়, ২০২৫ সালের জুলাই-আগস্টে সিগারেট থেকে ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় হয়েছিল প্রায় ৭ হাজার ৭৩৩ কোটি ৮০ লাখ টাকা।

 

 চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৩৩ কোটি ৮০ লাখ টাকায়। গবেষকদের মতে, মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বিবেচনায় সিগারেটের প্রকৃত দাম কমেছে। পাশাপাশি বাজারে নিম্নস্তরের সিগারেটের অংশ কমে মধ্যম স্তরের সিগারেটের বিক্রি বেড়েছে।


 পিপিআরসি জানিয়েছে, নতুন ত্রৈমাসিক ভ্যাট ব্যবস্থা রাজস্ব আদায়ের হিসাব ও সময়কে প্রভাবিত করতে পারে। তাই জুলাই-সেপ্টেম্বরের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেলে প্রকৃত রাজস্ব পরিস্থিতি আরও স্পষ্ট হবে। কর্মশালায় বক্তারা রাজস্ব আদায় বাড়াতে নির্দিষ্ট আবগারি কর চালু, বাজার নজরদারি জোরদার এবং সিগারেটের প্রকৃত বিক্রয়মূল্যের তথ্য নিয়মিত প্রকাশের ওপর গুরুত্ব দেন।


দেশজুড়ে/ডেস্ক