কালীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬ , ১২:২৯ এএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজীব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাথী খাতুন (১৪) যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ২ আগস্ট সকালে কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজার এলাকা থেকে সাথীকে মোটরসাইকেলে করে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে রাজীব হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।


পরিবারের অভিযোগ, স্কুলে যাতায়াতের সময় রাজীব ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে সাড়া না দেওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর কালীগঞ্জ থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। মঙ্গলবার অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকালে সে অক্ষত অবস্থায় ছিল।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার রাজীব হোসেনকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


দেশজুড়ে/সবুজ