হোমনায় স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ , ১২:২৮ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে আটকিয়ে রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী নারী (১৮) বাদী হয়ে হোমনা থানায় মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

 

পথিমধ্যে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) তার কয়েকজন সহযোগী দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। পরে দম্পতিসহ অটোরিকশাটি জোরপূর্বক একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যাওয়া হয়।

 

সেখানে কয়েকজন অভিযুক্ত নারীকে আলাদা করে আটকে রাখে এবং বাকিরা তার স্বামী অটোরিকশা চালককে দূরে সরিয়ে নেয়। এক পর্যায়ে প্রধান অভিযুক্ত ওই নারীর ওপর জোরপূর্বক যৌন সহিংসতা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পর দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

 

ওসি টমাস বড়ুয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আইনি ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রধান অভিযুক্তসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।


দেশজুড়ে/সবুজ