কাপাসিয়ায় দলিল লিখক ওবায়দুল কবিরের জানাজা সম্পন্ন

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬ , ১১:১৭ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাবেক সভাপতি ওবায়দুল কবির ওরফে ওবায়েদ মোক্তারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আছরের নামাজের পর উপজেলার রাউৎকোনা মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় গাজীপুর- (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালা উদ্দিন আইয়ুবীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওবায়দুল কবির। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

মরহুম ওবায়দুল কবির কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের বাসিন্দা এবং প্রয়াত সায়েব আলী মোক্তারের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন।

 

কর্মজীবনে ওবায়দুল কবির কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি সংগঠনটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং পেশাগত বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

 

তার মৃত্যুতে কাপাসিয়ার দলিল লিখকসহ সংশ্লিষ্ট পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন স্থানীয়রা মরহুমের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


দেশজুড়ে/সবুজ