দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও পড়াশোনার প্রতি
আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আদ-দাওয়াহ ফাউন্ডেশনের
উদ্যোগে মেধাভিত্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ লিখিত পরীক্ষা
অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ
থেকে দশম শ্রেণির প্রায় ৩ হাজার শিক্ষার্থী
অংশ নেয়।
আয়োজক সূত্রে জানা যায়, ‘ইসলামিক জ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ মেধা মূল্যায়ন
পরীক্ষার আয়োজন করা হয়। উপজেলার মোট ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।
পরীক্ষায় শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে মেধা ও জ্ঞান যাচাই
করা হয়। মূল্যায়ন শেষে মেধাক্রমের ভিত্তিতে মোট ২৫ জন শিক্ষার্থীকে
পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরস্কারের মধ্যে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা,
দ্বিতীয় স্থানকে ৫ হাজার টাকা,
তৃতীয় স্থানকে ৪ হাজার টাকা,
চতুর্থ স্থানকে ৩ হাজার টাকা
এবং পঞ্চম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা
দেওয়া হবে। এছাড়া ষষ্ঠ স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা
এবং পরবর্তী পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়ার কথা রয়েছে।
আদ-দাওয়াহ ফাউন্ডেশনের
সাধারণ সম্পাদক ও মুখপাত্র মুফতি ফয়জুল্লা বিন জালাল বলেন, স্কুল ও মাদ্রাসায় অধ্যয়নরত
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা এবং তাদের মধ্যে নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ
গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম
উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ ধরনের কার্যক্রম
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় ‘আখেরাতের সঞ্চয়’ নামে একটি সঞ্চয়বাক্স পরিচালনা করা হয়। সংগঠনের সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এতে অর্থ জমা করেন। পরবর্তীতে সেই অর্থ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমে
ব্যয় করা হয়।
মুফতি ফয়জুল্লা বিন জালাল বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের
কাছ থেকে এ ধরনের উদ্যোগে
ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের
ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের আশা, এ ধরনের মেধা মূল্যায়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।
দেশজুড়ে/সবুজ