রাষ্ট্রপতিকে অপসারণের দাবি নাহিদ ইসলামের, ময়মনসিংহে এনসিপির ইফতার মাহফিল

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ১১:২০ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে অবিলম্বে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীতে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, দেশে সংঘটিত সহিংসতার সময় রাষ্ট্রপতি নির্বিকার ভূমিকা পালন করেছেন।

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও সংসদের প্রতি সম্মান দেখিয়ে তারা অধিবেশনে অংশ নিয়েছিলেন। কারণ জনগণ ও ১১ দলীয় জোটের প্রতিনিধিদের অনেকেই ভোটের মাধ্যমে সংসদে নির্বাচিত হয়েছেন এবং তারা সংসদের কার্যক্রম পরিচালনা, উচ্চকক্ষ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের লক্ষ্যে কাজ করতে চান।

 

তবে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তার দল এর প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায়ের বাস্তবায়ন হোক—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

 

এ সময় তিনি ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ ও সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির নেতা মির্জা আব্বাস-এর সুস্থতার জন্যও দোয়া চান।

 

ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, কামরুল হাসান মিলন এমপি, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দেশজুড়ে/সবুজ