মে দিবসে ভাসানী জনশক্তি পার্টির র্যালি ও শ্রমিক সমাবেশ: ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৬ , ০৯:০৭ পিএম

অনলাইন সংস্করণ

মহান মে দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য মিছিল  শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরাতন পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক, নেতাকর্মী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি। তার ভাষায়, শ্রমিকের উন্নয়ন নিশ্চিত না হলে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।

 

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য। লক্ষ্যে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব . আবু ইউসুফ সেলিম। তিনি বলেন, বৈষম্যবিরোধী চেতনার ভিত্তিতেই দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনও সমাজে সেই বৈষম্য পুরোপুরি দূর হয়নি। দেশের অনেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবনযাপন করছে বলে উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে যে গণআন্দোলন সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সরকারের প্রতি তিনি আহ্বান জানান, এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

 

সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, শিকাগোর হে মার্কেট আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকদের আট ঘণ্টা কর্মদিবসের দাবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তারা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস। সঞ্চালনা করেন প্রফেসর হারুনুর রশিদ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানান।