দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ , ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর
নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়
পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতির প্রতিবাদে শনিবার বিকেলে স্থানীয় তিলশুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয়
সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের এক বিএনপি কর্মী
গত ২২ এপ্রিল তার
ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি
রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আপত্তিকর মন্তব্য না করার আহ্বান
জানান। এ নিয়ে অপর
পক্ষের এক জামায়াত সমর্থকের
পাল্টা মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা স্থানীয় পর্যায়ে
উত্তেজনায় রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, ২৪ এপ্রিল সন্ধ্যায়
কয়েকজন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী
মোটরসাইকেলে করে তিলশুনিয়া দক্ষিণপাড়ায় এক জামায়াত সমর্থকের
দোকানে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ
বাঁধে। এতে কয়েকজন আহত হন এবং কয়েকটি
মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর
উভয় পক্ষই কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সংঘর্ষের প্রতিবাদে চাঁদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের
উদ্যোগে শনিবার বিকেলে তিলশুনিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়। সমাবেশে বক্তারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি
জানান।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে।
দেশজুড়ে / সবুজ