নড়াইলে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মালিকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ০২:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান ওরফে চান মিয়া (৫৫) সারুলিয়া গ্রামের বাসিন্দা এবং তামজেল হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রেললাইনের কাছে একটি ছাগল বেঁধে কাজ করছিলেন চান মিয়া। একসময় ছাগলটি রেললাইনের ওপর উঠে যায়। ঠিক তখনই খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই পথে এগিয়ে আসছিল।

 

ট্রেনের শব্দ শুনে দ্রুত ছাগলটিকে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন চান মিয়া। তবে ছাগলের দড়ি রেললাইনের সঙ্গে আটকে যাওয়ায় সেটি ছাড়াতে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ছাগলটিও প্রাণ হারায়।

 

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।


দেশজুড়ে/সবুজ