মোবাইল চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৪ বাড়ি

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা এলাকায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুন লেগে চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট ফায়ার সার্ভিস।

স্থানীয়দের বরাতে জানা যায়, পোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা পাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িসহ মোট চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।