কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় প্রকাশ, দুই পরিবারের একাধিক সদস্য নিহত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং-এ ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন এবং স্বামী-স্ত্রীসহ আরেক পরিবারের দুইজন রয়েছেন, যা দুর্ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর রেজিস্ট্রার বই থেকে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়।

 

নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. বাবুল চৌধুরী (৫৩); ঝিনাইদহের মহেশপুরের লাইজু আক্তার (২৬) ও তার দুই মেয়ে খাদিজা (৬) এবং মরিয়ম (৪); চুয়াডাঙ্গার জীবননগরের সোহেল রানা (৪৬); যশোরের চৌগাছার সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫); নোয়াখালীর সুধারামের নজরুল ইসলাম রায়হান (৩৩); লক্ষ্মীপুর সদরের সায়েদা (৯); ঝিনাইদহ সদরের জোয়াদ বিশ্বাস (২০); মাগুরার মোহাম্মদপুরের ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়ার তাজুল ইসলাম (৬৮)।

 

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা-এর ওই রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন নামের যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি রেললাইনের ওপর দিয়ে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

 

দুর্ঘটনাস্থল থেকে প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।

 

দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

ঘটনার পর দায়িত্বে থাকা দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং জেলা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


দেশজুড়ে/সবুজ