কুলাউড়ায় জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬ , ০৭:১৪ পিএম

অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফসলের মাঠে জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে আশপাশের কৃষিজমিতে পানি জমে যায়। বৃষ্টি থামার পর দুপুরের দিকে তিন শিশুজিসান আহমেদ (১২), ইমাদ আহমেদ (৯) এবং লাবিব আহমেদ (৭)—বাড়ির পাশের পানিভর্তি জমিতে খেলতে যায়। একপর্যায়ে নিচু জমিতে জমে থাকা পানিতে তারা ডুবে যায়।

 

এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে দ্রুত রবিরবাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হবে।

 

এই মর্মান্তিক ঘটনায় তিনটি পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।