কাপাসিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন বৃদ্ধা মা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬ , ০৯:৪৩ এএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তার মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে মারা গেছেন বৃদ্ধা মা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী বুড়ির বাগ এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আড়াল বাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

নিহত ব্যক্তি হলেন মো. আতাউর রহমান (৬০) তিনি কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। মরদেহ উদ্ধারের পর প্রথম দিকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

 

পুলিশ স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মো.আতাউর রহমান বাড়ির পাশে একটি ছোট টং দোকান ব্যবসা করতেন। পাশাপাশি নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন তিনি। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে তিনি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে পাঁচটার পর  থেকে তার সন্ধান পাচ্ছিলনা স্বজনরা। পরে সন্ধায় যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনমানিয়া ইউনিয়নের শিমুলতলী বুড়ির বাগ এলাকায় সড়কের পাশে তার মরদেহ খোঁজ পাওয়া যায়। সময় তার ব্যবহৃত অটোরিকশাটিও পাওয়া যায়নি বলে স্বজনরা জানান।

 

স্বজনদের ধারণা, দুর্বৃত্তদের হামলায় আতা মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার অটোরিকশাটি নিয়ে যাওয়া হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে তার বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫) বিষয়টি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর নিজ বাড়িতেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। একসঙ্গে মা ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

 

আড়াল তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাপাসিয়া থানায় নিয়ে যায়। প্রথমে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। মৃত্যুর কারণ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।


দেশজুড়ে/সবুজ