বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে দাওয়াত পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়।
এদিকে আলোচনার সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়ে খোঁজ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি মোবাইল ফোনে সরাসরি কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎ ও আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।