দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র
ঈদুল
ফিতরকে সামনে রেখে
উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাট
শহরের ঈদ বাজারে এখন
ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে
চলছে জমজমাট বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।
ব্যবসায়ীরা
জানান, রমজানের শুরুতে কেনাকাটা কিছুটা ধীরগতির ছিল। তবে ঈদ ঘনিয়ে আসায়
শহরের নিউ
মার্কেট,
বিগ
বাজার,
পৃথিবী
কমপ্লেক্স,
মাড়োয়ারী পট্টি ও পূর্ব বাজারসহ
প্রায় সব মার্কেটেই এখন
ক্রেতাদের ভিড় বেড়েছে। পছন্দের পোশাক ও অন্যান্য সামগ্রী
কিনতে অনেকেই এক মার্কেট থেকে
আরেক মার্কেটে ছুটছেন।
এতে শহরের প্রধান সড়কে তৈরি হয়েছে যানজট। ক্রেতাদের ভিড় ও যানবাহনের চাপ সামাল দিতে ট্রাফিক পুলিশ ও পৌরসভার নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে ভারতীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি বিভিন্ন পোশাকের চাহিদা বেড়েছে। বিশেষ করে বাহারি থ্রি-পিস ও তৈরি পোশাকের
প্রতি তরুণীদের আগ্রহ বেশি। একই সঙ্গে গরমের কথা বিবেচনায় রেখে সুতি টাঙ্গাইল শাড়ি ও অন্যান্য দেশি
পোশাকের চাহিদাও চোখে পড়ার মতো।
এছাড়া শিশুদের স্কার্ট ও ফ্রক, পুরুষদের সিকুয়েন্স পাঞ্জাবি, চাইনিজ শার্ট ও গেঞ্জি, নারীদের বোরকা, ওড়না ও হিজাব বিক্রি হচ্ছে ভালো। জুতা ও স্যান্ডেলের দোকানগুলোতেও দেখা যাচ্ছে ব্যাপক ভিড়।
তবে ক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ পণ্যের দাম গত বছরের তুলনায়
বেশি। অনেকেই বলছেন, বাড়তি দামের কারণে ইচ্ছা থাকলেও পছন্দের সব পণ্য কেনা
সম্ভব হচ্ছে না। তবু সাধ ও সামর্থ্যের মধ্যে
থেকেই পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করছেন তারা।
ব্যবসায়ীরা জানান, আমদানি ও পাইকারি বাজারে
পণ্যের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে।
এ
বিষয়ে জেলা প্রশাসক মো.
আল
মামুন
মিয়া
বলেন, বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর
পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোথাও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।