দোহারে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে হাতুড়ি দিয়ে মারধর, আটক ২

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬ , ১২:২৩ এএম

অনলাইন সংস্করণ

ঢাকার দোহার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে দোকান থেকে জোরপূর্বক বের করে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের কলেজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকন নামে এক ব্যবসায়ী তার দোকানে বসে কাজ করছিলেন। এ সময় সামীর হোসেন (২২) ও জিহাদ হোসেন নামে দুই যুবক দোকানে প্রবেশ করে তাকে বাইরে যেতে বলেন। তিনি এতে রাজি না হলে তাকে টেনে-হিঁচড়ে দোকানের বাইরে নিয়ে যাওয়া হয়।

 

অভিযোগ রয়েছে, বাইরে নিয়ে গিয়ে তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলার বানাঘাটা এলাকা থেকে সামীর হোসেন ও জিহাদ হোসেনকে আটক করে।

 

আহত ব্যবসায়ী খোকনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই পুলিশ ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত দুইজনকে আটক করতে সক্ষম হয়।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রকাশ্যে সংঘটিত এমন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।