ঢাকায় এক রাতে দুটি অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৯ এএম

অনলাইন সংস্করণ

রাজধানী ঢাকার দুটি এলাকায় এক রাতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কারওয়ান বাজার ও পুরান ঢাকা এলাকায় এসব আগুনের সূত্রপাত হয়। দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় রাত ১০টা ২৮ মিনিটের দিকে আগুন লাগে ‘ডায়মন্ড টিম্বারস’ নামের একটি স’মিলে। অল্প সময়ের মধ্যে আগুন পাশের দুটি ওয়ার্কশপ ও একটি পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বাড়লে মোট ১১টি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখানে প্লাস্টিক পণ্য, প্যাম্পারস ও কাঠের আসবাবপত্র মজুদ ছিল। দাহ্য পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভবনটির নকশাগত ত্রুটি এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাবের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, পুরান ঢাকার আগামসি লেনে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে একটি জুতার কারখানায় আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


 দেশজুড়ে/সবুজ