চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০২৬ , ১০:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী শ্যামল চন্দ্র দাস (৪৫) চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ডান চোখ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখটি অপসারণ করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই।

 

জানা গেছে, পারিবারিক কাজে ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনার সঙ্গে সোমবার সকালে ঢাকায় যান শ্যামল চন্দ্র দাস। পরে রাতে তূর্ণা নিশিতা ট্রেনে করে তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন।

 

ট্রেনের ‘ন বগিতে বসে থাকা অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোর পর তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার ডান চোখটি অপসারণ করেন।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন। তবে ঘটনার সঠিক স্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


দেশজুড়ে/সবুজ