সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নোবেল বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।” দর্শক–শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, “আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।” পরে সাংবাদিকদের অনুরোধে তিনি তাঁর জনপ্রিয় গান ‘মেহেরবান’-এর অংশ গেয়ে শোনান।
এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের হুমকি দেওয়া হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।