বৃষ্টিতে মন খারাপ? সহজ কিছু অভ্যাসেই ফিরতে পারে ভালো লাগা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ০১:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বৃষ্টি অনেকের কাছে স্বস্তি, নস্টালজিয়া কিংবা প্রিয় খাবারের সময়। তবে সবার জন্য বৃষ্টি সুখের অনুভূতি নিয়ে আসে না। কিছু মানুষের ক্ষেত্রে মেঘলা আবহাওয়া এবং দীর্ঘ সময় সূর্যের আলো না পাওয়ার কারণে মন খারাপ, উদাসীনতা কিংবা হালকা বিষণ্ণতা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানান, সূর্যের আলো কমে গেলে শরীরে সেরোটোনিন হরমোনের নিঃসরণ হ্রাস পায়। এই হরমোনটি মন ভালো রাখার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে এর মাত্রা কমে গেলে স্বাভাবিকভাবেই মেজাজ খারাপ হয়ে যেতে পারে।

 

তবে কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে বৃষ্টির দিনেও মনকে সতেজ রাখা সম্ভব।

 

প্রথমত, ঘর অন্ধকার করে না রেখে পর্যাপ্ত আলো জ্বালিয়ে রাখা জরুরি। প্রয়োজনে বারান্দা বা জানালার পাশে বসে কিছুটা প্রাকৃতিক আলো গ্রহণ করলে মন ভালো রাখতে সহায়তা করে।

 

দ্বিতীয়ত, একাকিত্ব এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু কিংবা পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে এবং মন হালকা হয়।

 

এছাড়া নিজের পছন্দের কাজে ব্যস্ত থাকাও কার্যকর একটি উপায়। গান শোনা, বই পড়া, ছবি আঁকা, সিনেমা দেখা কিংবা হালকা ব্যায়ামের মতো কাজগুলো নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে।

 

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনকে ইতিবাচকভাবে গ্রহণ করার অভ্যাস গড়ে তুললে মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়ে।