তুরস্কে মাদকসহ আটক ব্রিটিশ যুগল: দোষ প্রমাণিত হলে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের শঙ্কা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৬ , ০৬:০৮ পিএম

অনলাইন সংস্করণ

স্যুটকেসে মাদক বহনের অভিযোগে তুরস্কে গ্রেফতার হয়েছেন ২০ বছর বয়সী এক ব্রিটিশ প্রেমিক যুগল। দোষ প্রমাণিত হলে দেশটির কঠোর আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া দুইজন হলেন হলি কুপার টেলর জনসন। তারা ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস এলাকার বাসিন্দা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তারা থাইল্যান্ডে ভ্রমণে যান। পরে গত ২৬ এপ্রিল দেশে ফেরার পথে ইস্তাম্বুল বিমানবন্দরে ট্রানজিট নেওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহের তালিকায় পড়েন।

 

তল্লাশি চালিয়ে তাদের স্যুটকেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এরপরই তাদের তাৎক্ষণিকভাবে আটক করে বিমানবন্দরের একটি বিশেষ কক্ষে নেওয়া হয় এবং পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়।

 

আদালতের নির্দেশে বর্তমানে তারা তুরস্কের কারাগারে বন্দি রয়েছেন। স্থানীয় আইন অনুযায়ী, মাদক চোরাচালানের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হতে দীর্ঘ সময় লাগতে পারে। অপরাধ প্রমাণিত হলে ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

 

এদিকে জনসনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাগারে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

অন্যদিকে, দুই তরুণ-তরুণীর পরিবার তাদের নির্দোষ দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা মনে করছেন, বড় কোনো অপরাধী চক্রের প্রলোভনে পড়ে ঘটনায় জড়িয়ে পড়েছেন তারা।

 

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তুরস্কে আটক দুই নাগরিকের বিষয়ে তারা অবগত রয়েছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করা হচ্ছে।

 

ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে উদ্বেগ দেখা দিয়েছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।