দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
রোবটের সহায়তায় রোবট তৈরির নতুন এক কারখানা চালু করেছে চীন। দেশটির লিউঝৌ শহরে স্থাপিত এই কারখানায় হিউম্যানয়েড রোবট ব্যবহার করে প্রতি ১০ মিনিটে একটি শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী রোবট তৈরি করা হচ্ছে।
চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে কারখানাটি স্থাপন করেছে। প্রায় ১৪ হাজার বর্গমিটার আয়তনের এই কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ১০ হাজার রোবট। কারখানাটিতে ইউবিটেকের ওয়াকার এস ও ক্রুজার সিরিজের বিভিন্ন হিউম্যানয়েড রোবট তৈরি হচ্ছে।
উৎপাদন
কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়েছে ‘স্মার্ট ব্রেন’ নামে একটি ডিজিটাল ব্যবস্থাপনা ব্যবস্থা। এটি উৎপাদন পরিকল্পনা, যন্ত্রাংশ পরিবহন ও রোবটের মান নিয়ন্ত্রণে সহায়তা করে। উৎপাদন
প্রক্রিয়ায় প্রতিটি রোবটকে আলাদা সিরিয়াল নম্বর দেওয়া হয়। ফলে কারখানায় তৈরি হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি রোবটের গতিবিধি ও উৎপাদন ধাপ
পর্যবেক্ষণ করা সম্ভব হয়।
কারখানার বিভিন্ন লজিস্টিক কাজে ক্রুজার ওয়াই১ ও ক্রুজার এস২ রোবটও ব্যবহৃত হচ্ছে। এসব রোবট যন্ত্রাংশ খালাস, সংরক্ষণ, পণ্য পরিবহনসহ উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন কাজে সহায়তা করে। অর্থাৎ, কিছু রোবট পরবর্তী ধাপে নতুন রোবট তৈরির কাজেও ভূমিকা রাখছে। চূড়ান্ত সংযোজনের ক্ষেত্রে হিউম্যানয়েড রোবটের পাশাপাশি রোবোটিক বাহু, চালকবিহীন পরিবহন যান ও অন্যান্য স্বয়ংক্রিয় সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। একই উৎপাদন লাইনে বিভিন্ন মডেলের রোবট তৈরির সুবিধাও রাখা হয়েছে।
ইউবিটেকের তথ্য অনুযায়ী, বাজারজাত করার আগে প্রতিটি হিউম্যানয়েড রোবটের চার ঘণ্টার বেশি সময় ধরে পূর্ণাঙ্গ যন্ত্র পরীক্ষা করা হয়। এরপর ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল পরিদর্শনের মাধ্যমে রোবটের বাহ্যিক অবস্থাও যাচাই করা হয়। কারখানার স্বয়ংক্রিয় গুদামে মাত্র ৬৫ বর্গমিটার জায়গায় ১১২টি হিউম্যানয়েড রোবট রাখা যায়। স্বয়ংক্রিয় যান ও চালকবিহীন ফর্কলিফটের মাধ্যমে রোবট ও প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদন, পরীক্ষা ও সংরক্ষণ এলাকায় স্থানান্তর করা হয়।
চীনে শিল্প রোবটের উৎপাদন বাড়ার মধ্যেই নতুন এই কারখানা চালু হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ে চীনে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি। আর চলতি বছরের প্রথম সাত মাসে উৎপাদিত শিল্প রোবটের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।
দেশজুড়ে/ডেস্ক