দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬ , ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে
একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। তিনি জানিয়েছেন, চুক্তির বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।
সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে ফ্রান্সের
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে
চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। তিনি এটিকে একটি ‘শক্তিশালী দলিল’ হিসেবে উল্লেখ করেন।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী,
চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে
কারিগরি আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিতে
স্বাক্ষরের কথা রয়েছে বলেও তারা জানান।
কর্মকর্তারা আরও জানান, ইরানের পারমাণবিক
কার্যক্রম নিয়ে চলতি সপ্তাহেই প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরু হবে। তবে নিষেধাজ্ঞা
প্রত্যাহার বা জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়টি নির্ভর করবে ইরান চুক্তির শর্ত কতটা মেনে
চলছে তার ওপর।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে
ডি ভ্যান্স জানিয়েছেন, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটি প্রায় দেড় পৃষ্ঠার একটি
কাঠামোগত নথি। এতে ভবিষ্যতের আলোচনার জন্য কিছু বিষয় নির্ধারণ করা হয়েছে।
ভ্যান্সের দাবি, চুক্তিতে ইরান আঞ্চলিক
শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরি
না করার বিষয়ে যাচাইযোগ্য প্রতিশ্রুতির কথাও উল্লেখ রয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প,
ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ডিজিটাল পদ্ধতিতে নথিতে
স্বাক্ষর করেছেন।
চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও
৬০ দিন বাড়ানোর কথা রয়েছে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ একটি পূর্ণাঙ্গ চুক্তির বিষয়ে আলোচনা
চালিয়ে যাবে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই
চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। এরপরই দুই দেশের মধ্যে ভবিষ্যৎ আলোচনা ও পরবর্তী
পদক্ষেপ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
দেশজুড়ে/সবুজ