কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, আহত বহু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ , ০৮:২৯ এএম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে একটি দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান সার্বজনীন দুর্গাপূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে বৃষ্টি শুরু হলে মণ্ডপ থেকে বের হওয়ার জন্য দর্শনার্থীদের মধ্যে তাড়াহুড়ো শুরু হয়। এ সময় বের হওয়ার গেটে অতিরিক্ত ভিড় জমে যায়। একপর্যায়ে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার মধ্যে পদদলনের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ ও জরুরি সেবার কর্মীরা। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৩৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকাজে কলকাতা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (ডিএমজি) এবং অ্যাম্বুলেন্সকর্মীরা অংশ নেন। নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট পূজামণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, অতিরিক্ত ভিড়ের চাপে অনেক দর্শনার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন ব্যক্তিগত যানবাহনে করে কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে যান।

আরেক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সংকীর্ণ। পাশাপাশি ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।