ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সাতজনের মৃত্যু

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫১ এএম

অনলাইন সংস্করণ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাত্রা জেলার সিমারিয়া এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন। রাজ্য প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন।

চাত্রার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিমানটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার ঘন জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি। প্রায় ২০ মিনিট পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এটি।

 

পুলিশের উপ-বিভাগীয় কর্মকর্তা শুভম খান্ডেলওয়াল জানান, দুর্ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন পাইলট, একজন চিকিৎসক, রোগী এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।

 

প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় কুমার (৪১) নামে এক দগ্ধ রোগীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হচ্ছিল। তিনি লাতেহার জেলার বাসিন্দা। গত ১৬ ফেব্রুয়ারি গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসকদের পরামর্শেই পরিবারের সদস্যরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। তবে মাঝপথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় বিমানটি।

 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

দেশজুড়ে / সবুজ