দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
মহাকাশে
অশনাক্ত উড়ন্ত বস্তু (ইউএফও) ও ভিনগ্রহের প্রাণী
সম্পর্কিত দীর্ঘদিনের গোপন নথি প্রকাশের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক
পোস্টে তিনি প্রতিরক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে ইউএপি (Unidentified Aerial
Phenomena) সংক্রান্ত
তথ্য শনাক্ত ও প্রকাশের প্রক্রিয়া
শুরু করতে নির্দেশ দেন।
ট্রাম্পের
ভাষ্য অনুযায়ী, জনসাধারণের ব্যাপক আগ্রহের কথা বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তার মতে, বিষয়টি জটিল হলেও জনগণের জানার অধিকার রয়েছে।
সাম্প্রতিক সময়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি পডকাস্ট সাক্ষাৎকার ঘিরে ইউএফও ও এলিয়েন প্রসঙ্গটি
নতুন করে আলোচনায় আসে। সেখানে ওবামা বলেন, মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। তবে তিনি ব্যক্তিগতভাবে কোনো এলিয়েন দেখেননি এবং তার দায়িত্বকালে এ ধরনের কোনো
প্রমাণ পাননি বলেও পরে স্পষ্ট করেন।
ওবামার ওই মন্তব্য সামাজিক
যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এ ধরনের সংবেদনশীল
বিষয়ে মন্তব্য করা ঠিক হয়নি। তার দাবি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।
এর আগে পেন্টাগনের
এক প্রতিবেদনে জানানো হয়েছিল, অধিকাংশ ইউএফও পর্যবেক্ষণের পেছনে নজরদারি ড্রোন, বিমান বা আবহাওয়া বেলুনের
মতো সাধারণ কারণ রয়েছে এবং এলিয়েন প্রযুক্তির প্রমাণ পাওয়া যায়নি। তবে নতুন নির্দেশনার ফলে কয়েক দশক ধরে সংরক্ষিত নথিপত্র প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।
ট্রাম্পের এ ঘোষণাকে উভয়
রাজনৈতিক দলের কিছু নেতাই ইতিবাচক হিসেবে দেখছেন। কংগ্রেসের ইউএপি টাস্কফোর্সের চেয়ারওম্যান আন্না পলিনা লুনা এ পদক্ষেপকে স্বাগত
জানিয়েছেন। একইভাবে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যানও বিষয়টি
জনগণের জানার অধিকারের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন।
এখন
সংশ্লিষ্ট সংস্থাগুলোর আনুষ্ঠানিক পদক্ষেপের দিকে নজর রয়েছে পর্যবেক্ষকদের।