হরমুজ সংকটে বিকল্প পথে ইরাকের তেল রপ্তানি, সেহান বন্দরে দৈনিক ২.৫ লাখ ব্যারেল সরবরাহ শুরু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ০২:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হলে বিকল্প পথে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। বুধবার দেশটি ঘোষণা দিয়েছে, তুরস্কের সেহান বন্দরের মাধ্যমে প্রতিদিন প্রায় আড়াই লাখ (২ লাখ ৫০ হাজার) ব্যারেল তেল রপ্তানি পুনরায় চালু করা হয়েছে।

ওপেক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইরাকের অর্থনীতির বড় অংশই নির্ভর করে তেলের ওপর। দেশটির মোট বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশ আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল দক্ষিণাঞ্চলীয় বসরা অঞ্চল থেকে হরমুজ প্রণালি হয়ে রপ্তানি করত।

 

রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানি জানিয়েছে, কিরকুক অঞ্চলের তেল সেহান বন্দরে পাঠানোর জন্য সারলো পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এই রুটে প্রতিদিন ২.৫ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে।

 

কোম্পানিটি আরও জানায়, দীর্ঘ বিঘ্নের পর কিরকুকের তেলক্ষেত্রগুলো থেকে পুনরায় রপ্তানি শুরু হয়েছে। এ ক্ষেত্রে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কারণ এই অঞ্চল দিয়েই তুরস্কগামী পাইপলাইনটি পরিচালিত হয়।

 

এর আগে বিকল্প রপ্তানি পথ খুঁজতে ইরাক কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে দীর্ঘদিন আলোচনা চালিয়ে আসছিল। পাইপলাইন ব্যবহারের অনুমতি দিতে কুর্দি কর্তৃপক্ষ বেশ কিছু শর্ত আরোপ করে, যা পূরণের পরই এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

 

কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় সারলো তেল স্টেশন চালু করা হয়, যার মাধ্যমে কুর্দিস্তান হয়ে সেহান বন্দরে তেল পাঠানো শুরু হয়েছে।

 

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি অনেক দেশের জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে।

 

এ পরিস্থিতিতে ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদেল গানি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে কিছু তেলবাহী জাহাজ চলাচলের সুযোগ নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাগদাদ।


দেশজুড়ে/সবুজ