দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
মেক্সিকোর প্রভাবশালী মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও
ওসেগুয়েরা, যিনি ‘এল মেনচো’ নামে
পরিচিত, নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা
ছড়িয়ে পড়েছে। কার্টেল সদস্যদের পাল্টা হামলায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য ও
একজন নিরাপত্তারক্ষীসহ মোট ২৬ জন নিহত
হয়েছেন।
সোমবার
এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ এ তথ্য জানান।
তিনি বলেন, এল মেনচোর মৃত্যুকে
কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। কার্টেল সদস্যরা সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী
রিকার্ডো ট্রেভিলা জানান, এক ঘনিষ্ঠ নারীর
দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রোববার জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে মেক্সিকান বিশেষ বাহিনীর অভিযানে এল মেনচো গুরুতর
আহত হন। পরে হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ৫৯ বছর বয়সী
এই মাদক সম্রাটকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ১ কোটি ৫০
লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
নিরাপত্তা
মন্ত্রী আরও জানান, এল মেনচোর মৃত্যুর
পর জালিস্কোতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অন্তত ২৭টি হামলার ঘটনা ঘটেছে। পাল্টা অভিযানে ৩০ জন কার্টেল
সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে পড়ে এক সাধারণ পথচারীরও
প্রাণহানি হয়েছে। সহিংসতার অভিযোগে সাতটি অঙ্গরাজ্য থেকে অন্তত ৭০ জনকে আটক
করা হয়েছে।
কার্টেলের
ভেতরে পুনর্গঠন বা নতুন করে
সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কি না, তা
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মেক্সিকো
সরকারকে মাদক কার্টেল দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাদক ও কার্টেল নির্মূলে
মেক্সিকোকে তাদের প্রচেষ্টা জোরদার করতে হবে।