দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম
বুদ্ধিমত্তাভিত্তিক একাধিক পরিধানযোগ্য ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো
হয়েছে, কোম্পানিটি স্মার্ট চশমা, এআই–চালিত পেনড্যান্ট এবং ক্যামেরাসহ নতুন ধরনের এয়ারপডস তৈরির কাজ এগিয়ে নিচ্ছে।
প্রতিবেদন
অনুযায়ী, প্রস্তাবিত ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে
এবং সেগুলো আইফোনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও বিভিন্ন কাজ
সম্পন্ন করতে পারবে।
ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের দিকে অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা উন্মোচন করতে পারে। এ বছরের শেষ
নাগাদ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে। বাজারে এ পণ্যটি মেটার
স্মার্ট গ্লাসের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
বর্তমানে মেটা প্ল্যাটফর্মস রে-ব্যানের সঙ্গে
যৌথভাবে স্মার্ট চশমা তৈরি করছে। তবে অ্যাপল নিজস্ব নকশা ও উন্নত নির্মাণশৈলীর
মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করতে চায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অ্যাপলের চশমায় ডিসপ্লে না থাকলেও এতে
স্পিকার, মাইক্রোফোন এবং উচ্চমানের ক্যামেরা যুক্ত থাকতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা
কল করা, গান শোনা এবং সিরির সঙ্গে যোগাযোগের সুবিধা পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ডিভাইসটি আশপাশের ভিজ্যুয়াল তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন—খাবারের উপাদান শনাক্ত করা, দিকনির্দেশনার সময় গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করা কিংবা নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় কাজের কথা মনে করিয়ে দেওয়া।
প্রাথমিক পর্যায়ের প্রোটোটাইপে চশমাটি আলাদা ব্যাটারি প্যাক ও কেবল সংযোগের
ওপর নির্ভরশীল ছিল। তবে নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ফ্রেমের ভেতরেই সংযুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এছাড়া এআই–সক্ষম পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস
নিয়েও কাজ করছে অ্যাপল। এসব ডিভাইসও আইফোনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এবং ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে দ্রুত সাড়া দিতে সক্ষম হবে।
এআই–ভিত্তিক পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। এই খাতে নতুন
উদ্ভাবনের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় অ্যাপল।