দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে নিহতের সংখ্যা প্রথমে ৫ এবং পরে ২৪ জন বলা হলেও সর্বশেষ তথ্যে এই সংখ্যা আরও বেড়েছে।
হরমোজগান প্রদেশের মিনাব এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে হামলার ঘটনা ঘটে। একই সময়ে রাজধানী তেহরানেও নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত থাকায় সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের ধারণা, এটি একটি ধারাবাহিক সামরিক অভিযানের অংশ হতে পারে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সংস্থাটির তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেশজুড়ে কার্যত পূর্ণাঙ্গ ইন্টারনেট শাটডাউনের ইঙ্গিত মিলেছে। গত বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিও অনেকটা একই রকম বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলের একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন সামান্য আহত হয়েছেন। একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সেনাবাহিনীর টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, হুমকি নিরসনে প্রয়োজনীয় প্রতিরোধ ও হামলা পরিচালনা করছে বিমানবাহিনী। একই সঙ্গে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় উভয় পক্ষের পক্ষ থেকে নতুন তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।
দেশজুড়ে/সবুজ