দাড়ি সংক্রান্ত নির্দেশনা না মানায় আফগান নাপিতদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৬ পিএম

অনলাইন সংস্করণ

আফগানিস্তানে দাড়ি সংক্রান্ত নতুন নির্দেশনা না মানার অভিযোগে নাপিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির তালেবান প্রশাসন। অভিযোগ রয়েছে, কিছু নাপিত গ্রাহকদের দাড়ি নির্ধারিত সীমার চেয়ে ছোট করে ছেঁটে দিচ্ছেন।

 

সম্প্রতি তালেবান সরকারের নীতিনৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, পুরুষদের দাড়ি অন্তত এক মুঠো সমান লম্বা রাখা বাধ্যতামূলক। আগের নির্দেশনার তুলনায় এবার দাড়ির দৈর্ঘ্য আরও বাড়ানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খালিদ হানাফি বলেন, নাগরিকদের পোশাক-পরিচ্ছদ ও ব্যক্তিগত সাজসজ্জা শরিয়াহ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি জানান, দেশের সর্বত্র ইসলামি বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

 

এ নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন শহরে টহল কার্যক্রম শুরু হয়েছে। নাপিতদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

 

কয়েকজন আফগান নাপিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তবে নিরাপত্তার কারণে তারা পরিচয় প্রকাশ করতে চাননি। দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনী প্রদেশের ৩০ বছর বয়সী এক নাপিত দাবি করেন, তার সেলুনে একজন গ্রাহকের চুল ‘পাশ্চাত্য ধাঁচে’ কাটার অভিযোগে তাকে তিন রাত আটক রাখা হয়। প্রথমে একটি ঠাণ্ডা কক্ষে এবং পরে একটি শিপিং কন্টেইনারে তাকে রাখা হয়েছিল বলে তিনি জানান।

 

পরবর্তীতে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তিনি মুক্তি পান। বর্তমানে তিনি কাজ চালিয়ে গেলেও টহলকর্মীদের দেখলে লুকিয়ে থাকেন বলে জানান। তার ভাষ্য, এ বিষয়ে প্রশ্ন তোলা বা বিতর্ক করার সুযোগ নেই এবং সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে।

 

কিছু ক্ষেত্রে নাপিত ও গ্রাহক—উভয়কেই আটক করার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

 

 দেশজুড়ে/সবুজ