বৈশ্বিক পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, আইনি জটিলতায় নতুন বিতর্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১২ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তার আগের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করার পরও তিনি এ সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছেন এবং আদালতের রায়ের সমালোচনা অব্যাহত রেখেছেন।

 

এর আগে শুক্রবার তিনি আদালত কর্তৃক বাতিল হওয়া শুল্কের পরিবর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি জানান, আগে ব্যবহার না করা একটি আইনের অধীনে শুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।

 

জানা গেছে, ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ অনুযায়ী এই নতুন শুল্ক আরোপ করা হচ্ছে। আইনের বিধান অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট সাময়িকভাবে সর্বোচ্চ পাঁচ মাস পর্যন্ত এ ধরনের কর আরোপ করতে পারেন। এর বেশি সময় চালু রাখতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

 

আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে সেটি ১৫ শতাংশে উন্নীত হলে নতুন হার কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

এদিকে, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, এসব দেশ আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ শতাংশ শুল্ক সংক্রান্ত সমঝোতায় পৌঁছেছিল। নতুন ঘোষণার ফলে সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

হোয়াইট হাউস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ফলে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে এ সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।