ইনজুরিতে লফটাস-চিক, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ইংল্যান্ড

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০০ পিএম

অনলাইন সংস্করণ

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলো। তবে এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড শিবির। অভিজ্ঞ মিডফিল্ডার রুবেন লফটাস-চিক চোটে পড়ায় তার বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইতালিয়ান সিরি তে পারমার বিপক্ষে ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েন এসি মিলানের এই মিডফিল্ডার। খেলার দশম মিনিটে পারমার গোলরক্ষক এদোয়ার্দো করভির সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান তিনি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

 

ইতালীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, লফটাস-চিকের মুখে গুরুতর আঘাত লেগেছে। তার উপরের দুটি দাঁত ভেঙে গেছে এবং মাড়ির অংশ কেটে গেছে। পাশাপাশি হাড়েও আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

 

প্রতিবেদন অনুযায়ী, অপারেশন পুনর্বাসন প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন হতে পারে তার জন্য। ফলে ইংল্যান্ডের চূড়ান্ত দলে তার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

৩০ বছর বয়সী লফটাস-চিক ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। সেবার দলটি সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। পরবর্তীতে জাতীয় দলে নিয়মিত না থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও দলে জায়গা করে নেন তিনি এবং মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।

 

এদিকে তার ইনজুরি নিয়ে ইংল্যান্ড কোচিং স্টাফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিস্তারিত মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।



দেশজুড়ে / সবুজ