হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকার টিকা আসছে দ্রুত, রাজশাহীতে স্বাস্থ্যসেবায় চাপ কমাতে জরুরি উদ্যোগ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও শিশু মৃত্যুহার কমাতে সরকার ১০ ধরনের টিকা সংগ্রহের অর্থ পরিশোধ করেছে বলে জানিয়েছেন কামরুজ্জামান চৌধুরী। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এসব টিকা দেশে পৌঁছাবে এবং সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এ তথ্য জানান।

 

তিনি বলেন, হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সরকার ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা ইউনিসেফ-কে পরিশোধ করা হয়েছে। টিকা দেশে পৌঁছানোর পরপরই জাতীয় পর্যায়ে বড় আকারে টিকাদান কর্মসূচি শুরু হবে।

 

স্বাস্থ্য সচিব আরও জানান, কোভিড-১৯ মহামারির সময় টিকাদান কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। সেই ঘাটতি কাটিয়ে উঠতেই এবার নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়।

 

রাজশাহীতে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানান, সব মৃত্যুই হামের কারণে হয়নি; অনেক শিশু অন্যান্য জটিলতা নিয়েও হাসপাতালে ভর্তি হয়েছিল।

 

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ১২০০ শয্যার বিপরীতে প্রায় তিন হাজারের বেশি রোগী চিকিৎসাধীন থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় হামে আক্রান্ত নয় এমন রোগীদের বিকল্প হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইসোলেশন ব্যবস্থা জোরদার, অতিরিক্ত শয্যা বৃদ্ধি এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এছাড়া, রাজশাহীতে নির্মাণ শেষে দীর্ঘদিন বন্ধ থাকা ২০০ শয্যার শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য সচিব। এটি চালু হলে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

 

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি পূরণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।


দেশজুড়ে/সবুজ