কাপাসিয়ায় হাম-রুবেলা টিকাদান ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ , ০২:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. মো. হাবিবুর রহমান।

 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. তাজদিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রমিত ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজ ও সাংগঠনিক সম্পাদক জাংগীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নার্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. তামান্না তাসনিম বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক ও মহামারির ঝুঁকিপূর্ণ রোগ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যাতে তারা সময়মতো শিশুদের টিকা নিশ্চিত করেন। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে প্রচার-প্রচারণা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

সভাপতির বক্তব্যে ডা. মো. হাবিবুর রহমান জানান, কাপাসিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৪৪ হাজার ৫৬ জন শিশুকে। এর মধ্যে ছেলে ২১ হাজার ৪১৭ জন এবং মেয়ে ২২ হাজার ৬৩৮ জন। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলায় ২৬৪টি স্থায়ী ও ১টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২৬৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

 

তিনি আরও জানান, টিকাদান কার্যক্রমে ৩৩ জন টিকাদান কর্মী ও ৬৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নির্ধারিত কর্মদিবসে মোট ১১ দিনে (সাব-ব্লকে ৮ দিন ও স্কুলে ৩ দিন) এই কার্যক্রম সম্পন্ন করা হবে।


দেশজুড়ে/সবুজ