বিসিবি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, তদন্তে এনএসসির ৫ সদস্যের স্বাধীন কমিটি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০৫:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পরিষদের নির্বাচন ঘিরে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বুধবার (১১ মার্চ) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকরাম।


এর আগে গত রোববার (৮ মার্চ) বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকটি শীর্ষ ক্লাবের কর্মকর্তা ও কাউন্সিলররা।

গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তামিম ইকবালের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, একই ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদউজ্জামান, সাবেক বিসিবি পরিচালক ও সূর্যতরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহাসহ আরও কয়েকজন ক্রীড়া সংগঠক।

তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করা। এ জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিল সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্যও গ্রহণ করবে কমিটি।


উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়। তবে নির্বাচনকে ঘিরে কারচুপির অভিযোগ তুলে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন ক্লাব কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই ঢাকার ক্লাব ক্রিকেট কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

 

দেশজুড়ে/ সবুজ